সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত হয়ে ৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ৫ জেলে ফিরে এসেছে।
বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে দস্যুদের নির্যতনে আহত শরীফুল ইসলাম কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিরে আসা জেলেরা হলেন—বাগেরহাটের বগা এলাকার হানিফ, জাকির, শাহিন, আকুব্বর এবং রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের শরীফুল ইসলাম (৩০)। এদের মধ্যে গুরুতর আহত শরীফুলকে সকালে বাগেরহাটের রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলেদের মহাজন জানান, জেলেরা গেল ১৪ জুন রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের অদূরে লইট্রাখালী এলাকায় খালে মাছ ধরছিলেন । ওই সময় বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’ জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। দস্যুরা ৫টি ট্রলার থেকে ৫ জন জেলেকে জিম্মি করে তাদের নিজেদের ট্রলারে তুলে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জনপ্রতি ৪০ হাজার টাকা করে মুক্তিপণ দেওয়ার পর সকালে দস্যুরা তাদের ছেড়ে দেয়। জিম্মি দশা চলাকালীন শরীফুল নামের এক জেলেকে দস্যুরা বেদম মারধর করে গুরুতর আহত করে।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাটের বগা এলাকার একজন জেলে মহাজন মোবাইল ফোনে বলেন, গেল ১৪ জুন রাতে লইট্রাখালী এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়েছিলো। পরে মুক্তিপণ পরিশোধের পর সকালে দস্যুরা তাদের ছেড়ে দেয়।
রামপাল থানার অফিসার ইনচার্জ রাজীব আল রশিদ বলেন, বনদস্যুদের মারধরে এক জেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানতে পেরেছি ।
এদিকে বনবিভাগের দুবলাচর ফরেস্ট টহল ফাঁড়ির এক বনরক্ষী নাম প্রকাশ না করার শর্তে জানান, লইট্রাখালী এলাকায় জেলে অপহরণের বিষয়টি আমরাও শুনেছি। সুন্দরবনে জেলেদের নিরাপত্তা জোরদারে বন বিভাগের নজরদারি বাড়ানো হয়েছে ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









