গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। মিছিল চলাকালে পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ‘গাজীপুর মহানগর যুবলীগে’র ব্যানারে এই মিছিল হয়েছে।
এদিকে, ভিডিওতে কয়েকজনকে পুলিশকে লক্ষ্য করে বলতে শোনা যায়, ‘‘ওই একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’’
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহানগরের বাসন এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, “২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক” এবং “বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।” ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল।
এছাড়া ব্যানারের এক পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।
মিছিলকারীরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই এবং যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে অগ্রসর হন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেন বলে ভিডিওতে দেখা যায়।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘‘আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের, নাকি আগের কোনো ঘটনার, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’’
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এদিনকে বলেন, ‘‘সকালে মিছিলটি হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









