কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়।
রবিবার (২১ জুন) কাতার স্থানীয় সময় ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন, কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও গাছবাড়ী গ্রামের কাদের আহমদ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কাতারে অবিস্থত বাংলাদেশ দূতাবাস ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার ভোরে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন ওই ৫ প্রবাসি। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, জীবিকার তাগিদে মরুভূমির দেশে পাড়ি জমানো এই রেমিট্যান্স যোদ্ধাদের আকস্মিক মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেশে থাকা ভুক্তভোগী পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে এই দুঃসংবাদ জানানো হয়েছে।
এমন মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার খবর পেয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে ছুটে যান। তারা সেখানে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি সহায়তার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
দূতাবাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নিহত বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাগজপত্র সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে কাতার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









