সুন্দরবনের শেলা নদীতে পোনা আহরনের সময় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামে এক নারী মৎস্যজীবী নিহত হয়েছেন। বুধবার (১৭জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সেলিনা বেগম সুন্দরবনের শেলা নদীতে চিংড়ি মাছের রেনু পোনা সংগ্রহের জন্য খুচুনি নেট (জাল) টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তার মরদেহ উদ্ধার করেছেন।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, শেলা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সুন্দরবনসংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বন বিভাগ ও স্থানীয় প্রশাসন, সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার ক্ষেত্রে সকলকে অধিকতর সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









