বরিশালের মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ছয় মাসব্যাপী ফ্রি আমিনশিপ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান। এছাড়াও উপস্থিত ছিলেন মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, সেক্রেটারি মোহাম্মদ বাকের, ক্যাশিয়ার আবু তালেব এবং সাংগঠনিক সম্পাদক হানিফ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে অংশগ্রহণকারী ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং যুবসমাজকে কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের ফ্রি কারিগরি ও পেশাদার প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদ দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ফ্রি আমিনশিপ ও সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন, হুইলচেয়ার ও রিকশা বিতরণ, ক্ষুদ্র ব্যবসায় ও ঘর নির্মাণে সহায়তা, অসহায় পরিবারের বিয়েতে সহযোগিতা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, মেডিকেল ও চক্ষু ক্যাম্প, ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ বিতরণসহ নানা মানবিক উদ্যোগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









