গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের চাবি চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই রাকিবের (২০) ছুরিকাঘাতে বড় ভাই সাকিব (২৪) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারা দুজন এলাকার এরশাদুল হক লিটনের ছেলে।
এরআগে, বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর থেকেই অভিযুক্ত রাকিব (২০) পলাতক রয়েছে।
জানা গেছে, রাকিব ও সাকিবের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। বুধবার রাত ১০টার দিকে রাকিব তার বাবার কাছে মোটরসাইকেলের চাবি চায়। এ সময় সাকিব রাতে মোটরসাইকেলের চাবি দিতে তাদের বাবাকে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গভীর রাতে ছোট ভাই রাকিব তার বড় ভাই সাকিবকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক ইকবাল জানান, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহতের বাবা এরশাদুল হক লিটন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘‘পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









