নারায়ণগঞ্জ সদর নির্জন গার্মেন্টস নামক একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার ফতুল্লা থানাধীন পাগলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোহাম্মদ শাহিন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরফিন (২২), হৃদয় (২৭), খাদিজা (২০) এর নাম জানাগেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
বয়লার বিস্ফোরণ এবং কারখানার অভ্যন্তরে দীর্ঘদিনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
তাদের দাবি, বয়লারটিতে যে ত্রুটি রয়েছে তা আগেই কারখানা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু মালিকপক্ষের চরম উদাসীনতা ও অসাবধানতার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
এছাড়া শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার ভেতরের জরুরি বহির্গমণ বা চলাচলের রাস্তায় মালামাল স্তূপ করে রাখা হয়েছিল। রাস্তা বন্ধ থাকায় বিস্ফোরণের পর আতঙ্কিত শ্রমিকরা দ্রুত ভবন থেকে বের হতে পারেননি, যার ফলে আহতের সংখ্যা আরও বেড়েছে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, কারখানার অভ্যন্তরে থাকা একটি বয়লার মেশিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় কাটিং ও ফিনিশিং সেকশনে কর্মরত শ্রমিকরা দগ্ধ ও আহত হন। বিকট শব্দে বিস্ফোরণের পর কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।
ঘটনার পরপরই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহতদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে তারা ঢাকা-পাগলা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এ সময় উত্তেজিত কিছু শ্রমিক কারখানার লাইনম্যান মোমিনের ওপর হামলা চালায় বলে জানা গেছে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









