বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘২৪ হয়েছিল বলেই ২৬ সালের নির্বাচন হয়েছে। ২৪ না হলে ২৬ সালে নির্বাচন হওয়ার কথা ছিল না। তাদের রক্তের বিনিয়েই আমরা সরকারি ও বিরোধীদল হয়েছি। আমি অনুরোধ করবো এ সকল শহীদদের কেউ যেন খাটো করে না দেখেন।’’
শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মীসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আমি গভীর কৃতজ্ঞতা জানাই ১৯৪৭, ৫২ ও ৭১ -সহ বিভিন্ন সময় যারা বুক চিতিয়ে সংগ্রাম করেছেন, ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন আমি সেসকল শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
তিনি আরও বলেন, ‘‘বিগত নির্বাচনে হাজারও জালিয়াতি, সন্ত্রাস ও ইঞ্জিনিয়ারিংয়ের পরে আপনারা ১১ দলীয় জোটকে একটি আসন উপহার দিতে পেরেছিলেন। ভোটের মত রেজাল্ট গণনা সুষ্ঠু হলে অন্য আসনেও জোটের বিজয় হত।’’
জামায়াতে আমীর বলেন, ‘‘অনেকের আমাদের ওপর অভিমান, এ রায় কেন মেনে নিলেন। আমরা বলেছি ১৭ বছর দেশ ছিল স্বৈরাচারের কবলে। মানুষ তো ভোট দিয়েছে। নির্বাচনের আগে সব জায়গায় একই আওয়াজ উঠেছিল, দাঁড়িপাল্লা। একই দিনে দুটি ভোট হয়েছিল। আমাদের অবস্থান সুদৃঢ় ছিল। আমাদের মার্কা ও গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে। বর্তমান সরকার প্রথমে ‘হ্যাঁ’ এর পক্ষে ছিল না। তারা গোপনে ‘না’ এর পক্ষে ছিল। পরে জনরোষের মুখে রংপুরে আবু সাঈদের এলাকায় গিয়ে তিনি (তারেক রহমান) বলেছিলেন ‘হ্যাঁ’ ভোট দিতে। তিনি তো সংসদের নেতা। এই গণভোটে ৬৭ শতাংশ মানুষ ভোট দিয়েছে। তার মন্ত্রী বলেছে ভোটটা যাতে হয়ে যায় এজন্য ‘হ্যাঁ’ ভোট চেয়েছে। এগুলো করলে জনগণের রাজনীতিবিদদের প্রতি সম্মান কীভাবে থাকবে।’’
তিনি বলেন, ‘‘যেহেতু প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছে। সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। এখনও সময় আছে ফিরে আসুন, জনগণের রায় বাস্তবায়ন করুন। নয়তো জনগণ আপনাদের সামনে হিমালয় পাহাড় হয়ে দাঁড়িয়ে যাবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









