বাংলাদেশের আসল শক্তি লুকিয়ে আছে এর বৈচিত্র্যের মাঝে। আমাদের ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীর ভিন্নতা আমাদের বিভক্ত করে না বরং আমাদের আরও সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ করে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (১৯ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘‘শ্রীমঙ্গল শুধু চায়ের রাজধানীই নয়, এটি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় অঞ্চল। এই অঞ্চল ও এর আশপাশে প্রায় ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা ও জীবনধারা আমাদের জাতীয় সংস্কৃতিকে আরও বর্ণিল করেছে।’’
তিনি বলেন, ‘‘হারমনি ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়। এটি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য মিলনমেলা। এবারের উৎসবে ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশ নিয়েছে, যা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অসাধারণ উপস্থাপনা।’’
পর্যটনমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিকাশে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে কেবল প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেটিকে পর্যটনের সম্পদে রূপান্তর করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।’’
এই ফেস্টিভ্যাল দেশের সাংস্কৃতিক পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য জনাব মো. মুজিবুর রহমান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মোল্লা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান বিপিএম, পিপিএম, এনডিসি, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









