রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে বাসার নিচে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত নেতা মো. নুরুল ইসলাম (৫৫) মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয় দুর্বৃত্ত নুরুল ইসলামকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার মুখের বা পাশ, কাঁধ ও বা হাতে গুরুতর আঘাত করা হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









