পিরোজপুরের মঠবাড়িয়ায় দাউদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশারফ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এরআগে, বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে ঘুমানোর পরে একদল দুর্বৃত্ত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্র ঠেকিয়ে মোশারফ হোসেন ও তার স্ত্রী, সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উম্মে কুলসুমকে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ এক লাখ টাকা, বিভিন্ন স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগী পরিবার জানায়, তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে এবং ঘরের বাহিরে আরো কয়েকজনের উপস্থিতি টের পেয়েছি। ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তারা ঘরে থাকা টাকা, স্বর্ণসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছেন। আমরা এখন আতঙ্কে আছি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনাকে ডাকাতি বলা যাবে না। এটা দস্যুতা হতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









