নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের বিচ্ছিন্ন চর আমানউল্যাহ ঢালচরে চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনীর চাঁদাবাজি, খাল ও ভূমি দখল এবং নিরীহ ভূমিহীনদের ওপর বর্বর নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢালচরের স্থায়ী বাসিন্দারা।
আজ শনিবার ঢালচর মসজিদ মার্কেটে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন পেশাজীবী ও বিপুল সংখ্যক নারী-পুরুষ ব্যানার হাতে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুখচর ইউনিয়নের ইসমাইল হোসেন, ঢালচরের মো. মিরাজ উদ্দিন, আলতাফ সরদার, মহিন উদ্দিন মাঝি, সিরাজ উদ্দিন, আলতাফ হোসেন, কামাল উদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, মো. শরীফ উদ্দিন, আজাদ উদ্দিন, মো. এনায়েত হোসেন ও কালু রাজসহ আরও অনেকে। কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, মো. মিরাজ উদ্দিন, আলতাফ সরদার, মহিন উদ্দিন মাঝি, সিরাজ উদ্দিন এবং রিমা আক্তার রিয়াসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন ধরে এই চরে সোহেল, জহির, পারভেজ ও ইউছুফের নেতৃত্বে একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী চরম নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। তাদের ধারাবাহিক চাঁদাবাজি, জোরপূর্বক অসহায় মানুষের ভূমি ও সরকারি খাল দখল এবং বনের মূল্যবান গাছ কেটে উজাড় করার মতো অনৈতিক কর্মকাণ্ডে আজ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।"
ভুক্তভোগী বাসিন্দারা আরও বলেন, "আমরা আর কোনো সন্ত্রাসী বাহিনীর জিম্মিদশায় বাঁচতে চাই না। এই চরের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজের অধিকার নিয়ে বাঁচতে চায়। আমাদের সন্তান, পরিবার ও মা-বোনদের নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিময় পরিবেশে বসবাস করা আমাদের মৌলিক অধিকার। চাঁদাবাজ আর দখলদারদের এই অত্যাচার আমরা ঢালচরে আর দেখতে চাই না।"
মানববন্ধন থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসী সোহেল, জহির, পারভেজ ও ইউছুফসহ তাদের পুরো বাহিনীকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঢালচরের নিরীহ ভূমিহীন মানুষকে এই জিম্মিদশা থেকে চিরতরে মুক্ত করার দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন যে, অন্যথায় এলাকাবাসী আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









