ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪-তে পৌঁছেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পরপর দুটি ভূমিকম্প হয়। এর প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং পরেরটি ছিল ৭ দশমিক ৫। এখন পর্যন্ত ২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ হয়েছে। অবকাঠামো, হাসপাতাল এবং আবাসন পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সম্পদ ব্যবহার করে ২০০ মিলিয়ন ডলারের একটি প্রাথমিক তহবিল গঠন করা হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে।
রয়টার্স জানিয়েছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছেন। জরুরি কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
প্রেসিডেন্ট রদ্রিগেজ জানিয়েছেন, প্রাথমিক হতাহতের পরিসংখ্যানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের বাসিন্দাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এই রাজ্যটি কারাকাসের নিকটবর্তী এবং শহরের বিমানবন্দরটি এখানেই অবস্থিত, যা বন্ধ করে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









