রাঙ্গামাটিতে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২০ জুন শনিবার সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত রবীচন্দ্র চাকমা এবং মাতা মৃত লক্ষীদেবী চাকমা।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় তিনি রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন।
এ সময় একটি কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গেলে অসাবধানতাবশত বাঁশটি ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তিনি তীব্র বৈদ্যুতিক শকের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শিক্ষিকার এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









