গাজীপুরের পূবাইলে একটি অবৈধ জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট এলাকায় অবস্থিত অটো গ্রীনটেক নামে একটি প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি বলেন, ‘‘প্রতিষ্ঠানটি অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করা হতো এবং তা বাজারজাত করা হতো। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’’
এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক ফাতেমা হোসেন জানান, ঘটনারস্থলে আমি প্রতিষ্ঠানে ছিলাম, এ সময় তিনি দাবি করেন বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নাই। হালকা ধোয়ার কুণ্ডুলির কারণে মনে হয়েছে প্রতিষ্ঠানটিতে আগুন লেগেছে।
এদিকে পাশের অ্যাকটিভ ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রায়হান আহমেদ মোমরেজ জানান, দুপুর ২টার দিকে তিনি প্রতিষ্ঠানের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে তাদের প্রতিষ্ঠান এবং পাশের বঙ্গ বিল্ডার্স-এর উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পানি সরবরাহ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি এলাকায় রিফাইন অয়েল কোম্পানি হিসেবে পরিচিত। তবে সেখানে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে অবৈধভাবে জ্বালানি তেল উৎপাদনের কার্যক্রম চলছিল বলে অভিযোগ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









