চট্টগ্রামের রাউজানে জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মোস্তাকিম (৩) নামের এক শিশু মারা গেছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শিশু মোস্তাকিম পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদার বাড়ির বাসিন্দা মো. পারভেজের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে মোস্তাকিম ঘর থেকে বাইরে চলে যায়। এ সময় পশ্চিম ডাবুয়া এলাকার জাকেরিয়া চৌধুরী ঘাটার পাশে জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে জমাটবদ্ধ বিলের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পরিবারের সদস্যদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
উল্লেখ্য, বিগত কয়েকদিন পূর্বে শিশু মোস্তাকিমের চাচাতো ভাই মোহাম্মদ মিনহাজ (৫) রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। কিছুদিনের ব্যবধানে পরিবারের দুই দুইটি শিশু সন্তানের পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় শোকে মুহ্যমান পুরো পরিবার।
অল্প কয়েকদিনের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









