কুষ্টিয়া সদর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়।
নিহতরা হলেন—ট্রাকচালক আনিচুর রহমান আনিস ও তাঁর সহকারী রতন। তাঁদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তারা ট্রাকের ভেতর থেকে চালক আনিচুর রহমানের মরদেহ উদ্ধার করে। তবে সহকারী রতন ভারী পাথরের নিচে চাপা পড়ে থাকায় তাঁর মরদেহ উদ্ধারে কিছুটা সময় লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁর মরদেহও উদ্ধার করতে সক্ষম হন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









