পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আল ফারুক একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।
আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক এবং একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সদস্য শরফুদ্দিন খান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চাতেও গুরুত্ব দিতে হবে। এসব গুণ তাদের বর্তমান শিক্ষাজীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ জীবনেও একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। তারা দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









