ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ থামাতে ঝালকাঠিতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক সহায়তায় মশার বংশবৃদ্ধি রুখতে শহরের ড্রেন, নালা ও জমে থাকা জলাশয়গুলোতে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রের আয়োজন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের কাঠপট্টি এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার একাধিক কর্মকর্তা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্ষার মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার লার্ভা তৈরির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সে কারণে প্রজননক্ষেত্রগুলো চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির জানান, মশার বিস্তার কমাতে ওষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে। কারণ, বসতবাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা না গেলে কেবল স্প্রে করে ডেঙ্গু দমন করা সম্ভব নয়।
কর্মকর্তারা জানান, গোটা শহরের ড্রেন, নালা ও পরিত্যক্ত পাত্রের মতো ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিয়মিত নজরদারি রেখে এই স্প্রে কার্যক্রম সচল রাখা হবে। জনস্বাস্থ্যে ঝুঁকি এড়াতে জেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের এই যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
একইসঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। নিজ বাড়ির ছাদ, বারান্দা, আঙিনা কিংবা আশপাশে যাতে কোনোভাবেই পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









