নাটোরের বড়াইগ্রামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসব কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৬৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৬ জন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









