মাদারীপুর জেলার শিবচরে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে একজন নাগরিকের করণীয় ও বর্জনীয় নিয়ে শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। যাতে করে তৃণমূলের সাধারণ মানুষ এ সম্পর্কে সঠিক ধারণা পায়। এছাড়াও মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে। শিবচর থানা পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি কামাল হোসেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘‘শিক্ষার্থীদের মাধ্যমে সহজেই তথ্য ছড়িয়ে দেয়া সম্ভব। তাছাড়া শিক্ষার্থীরাই সহজে ধারণ করতে পারে। আমরা উপজেলার পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। তাদের সচেতন করেছি। তাদের মাধ্যমে সমাজের অন্যরাও সচেতন হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা এ কার্যক্রমের আয়োজন করবো।’’
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









