মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর একটি পরিত্যক্ত বাঁশঝাড় থেকে মাহিয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর খলিলের কবরস্থানের পাশের বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাহিয়া শায়েস্তা ইউনিয়নের চর-লক্ষীপুর গ্রামের মো. আমজাদ হোসেনের মেয়ে। সে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন নিখোঁজ হয় মাহিয়া। এরপর পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। গতকাল বিকেলে জামির্ত্তায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা দ্রুত সেখানে ছুটে যান। ঘটনাস্থলে মাহিয়ার স্কুল ব্যাগ ও জুতা দেখে তার লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি জানানো হয়েছিল। গতকাল বিকেলে স্থানীয়দের মাধ্যমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









