জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে নড়াইল সদর উপজেলার বিছালী তিন দোকান এলাকায় অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। এছাড়াও নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর একটি প্রতীক দুর্বৃত্তরা ভাঙচুর করেছে।
ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বলেন, ‘গতকাল রাতে ভোট চাওয়াকে কেন্দ্র করে ওই এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। পরে রাতেই বিষয়টি মীমাংসা হয়ে যায়। এরপর গভীর রাতে কে বা কারা ওই এলাকায় ইসলামী আন্দোলনের অফিসে অগ্নিসংযোগ করে। এতে অফিসে থাকা চেয়ার-টেবিল, মাইক, হাতপাখার প্রতীকসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে অপরাধীদের শাস্তির দাবি জানান।’
সকালে সেখানে পরিদর্শনে গিয়ে ইসলামী আন্দোলনের নড়াইল জেলা শাখার সেক্রেটারি এস এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই আমাদের প্রার্থীর এই কার্যালয় ছিল এবং এখান থেকে নির্বাচনি কর্মকাণ্ড চলত। গতকাল রাতে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে আমাদের বাগ্বিতণ্ডা হয়। এর মধ্যেই আমাদের অফিসটি আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সবকিছু পুড়ে গেছে। যাচাই-বাছাই করে, যারা এ ঘটনার সঙ্গে যুক্ত, তাদের আইনের আওতায় এনে দৃশ্যমান বিচারের দাবি করছি।’
এ ব্যাপারে বিছালী ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা বলেন, ‘গত রাতে বাগ্বিতণ্ডা হলেও সেটি মীমাংসা হয়ে যায়। সবাই সন্তুষ্ট হয়ে কোলাকুলি করে যার যার মতো চলে যায়। তাদের অফিসে আগুনের ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরাও চাই, আগুনের ঘটনায় যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি হোক।’
অন্যদিকে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকায় নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের প্রতীক হিসেবে ঝুলিয়ে রাখা একটি কলস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার বলেন, ‘ঘটনাস্থল দুটি পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









