যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা তথ্য তুলে ধরেছিলেন নেতানিয়াহু। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ খবরকে মিথ্যা বলে দাবি করেছেন। তার ভাষ্য, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নাকচ করেছেন ট্রাম্প।
নিজস্ব সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ট্রাম্প সিদ্ধান্ত পরিবর্তন করলে যাতে দ্রুত অভিযান চালানো যায়, সে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে হামলার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও সামরিক নেতৃত্ব নতুন হামলার পক্ষে। অন্যদিকে, ট্রাম্পের অধিকাংশ উপদেষ্টা সামরিক অভিযানের বদলে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে।
এদিকে ইসরায়েলের সেনাপ্রধান সতর্ক করেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরু হলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার কারণে ২৭ অক্টোবরের নির্বাচন পিছিয়ে দিতে হতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে ইরানের জবাবের অপেক্ষায় রয়েছেন কাতারের মধ্যস্থতাকারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









