সিলেট নগরের রায়নগর এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন বাবুল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহকর্মী তাহমিনা (১৫)। পুলিশ জানায়, একটি কক্ষ থেকে সুরাইয়া ও তাহমিনার এবং অন্য কক্ষ থেকে আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করা হয়।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘প্রতিবেশীরা দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেন। পরে দরজা খুলে তিনজনের মরদেহ পাওয়া যায়। সকালে বাসার ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা গিয়েছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন।’’
পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। বাসার ওয়ারড্রব ও আলমারি খোলা অবস্থায় পাওয়া গেছে। মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে কি না, তা যাচাই করা হচ্ছে। ডাকাতি, পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতাকে সামনে রেখে তদন্ত চলছে।
পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকায় লোডশেডিং ছিল। বাসা ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা থাকলেও বিদ্যুৎ না থাকায় ওই সময়ের কোনো ফুটেজ পাওয়া যায়নি। এ কারণে লোডশেডিংয়ের সময়কে হত্যাকাণ্ডের জন্য বেছে নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বাসাটিতে দুজন গৃহকর্মী থাকতেন। তাদের মধ্যে অপর গৃহকর্মীর এখনো খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া নিচতলার এক ভাড়াটের সঙ্গে বাড়ির মালিকের বিরোধ ছিল বলে জানা গেছে। ওই ভাড়াটে গত মাসে বাসা ছেড়ে যান। এই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে বুধবার বিকেল ছয়টার দিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন বাবুলকে আটক করা হয়। বিকেলে সাড়ে ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এদিনকে বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









