ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেছেন।
বুধবার (১২ আগস্ট) ভোররাতে বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
এ সময় সারবোঝাই একটি ট্রাক ও একটি ট্রলারও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. পারভেজ হোসেন (৩৭), নোয়াখালী জেলার বাসিন্দা মো. সিরাজ (৫৭), মো. সোহেল (২৮) ও মো. শাহারাজ (৪০)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চরফ্যাশন থানার মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া লঞ্চঘাটে ট্রাক থেকে ট্রলারে সার তোলার সময় সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, জব্দ করা সারগুলো ট্রলারে করে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল। পরে পুলিশ সারবোঝাই ট্রাক ও ট্রলারটি জব্দ করে থানায় নিয়ে যায়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘‘মামলা রুজু করে আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









