জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বা ‘পলিটিক্যাল ক্লাউন’ হিসেবে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় ওবায়দুল কাদেরের বিভিন্ন সময়ের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে এ মন্তব্য করেন তিনি।
পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বলেন, ‘‘দেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন হলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কারণ তার বিভিন্ন সময়ের কথাবার্তা কোনো রাজনৈতিক নেতাসুলভ বক্তব্য নয়।’’
তিনি আরও বলেন, ‘‘একজন টিকটকার হিসেবে তাকে সবাই অভিহিত করেন। তার বক্তব্যকে টিকটকাররা ব্যবহার করেন।’’
চিফ প্রসিকিউটরের ভাষ্য, ওবায়দুল কাদেরের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড ছিল দায়িত্বজ্ঞানহীন। জুলাই আন্দোলন ঘিরে এসব বক্তব্যেরও প্রভাব ছিল বলে তিনি দাবি করেন।
ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে সমালোচনা করে আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে নিজেদের প্রথম শ্রেণির এবং অন্যদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করত। তার দাবি, দলটির নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জুলাই আন্দোলনে ব্যাপক প্রাণহানি ও সহিংসতা ঘটে।
মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









