খাগড়াছড়ির দীঘিনালায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দীঘিনালা থানার একটি রাজনৈতিক সহিংসতার মামলার এজাহারভুক্ত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং দক্ষিণ মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ (৩০)। তাদের বিরুদ্ধে চলমান রাজনৈতিক সংঘর্ষ, হামলা, আহত করা, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের স্বার্থে তাদের আটক করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতে বিচারাধীন মামলাগুলোর আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধের ধরন বা ব্যক্তির পরিচয় নয়, আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণই আমাদের মূল লক্ষ্য।’’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









