লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আবাসিক হলের শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় আবাসিক হল সুপারসহ ১ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২১ জুন) দিবাগত গভীর রাতে রামগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে।
এদিকে সোমবার (২২ জুন) সকালে কলেজ কর্তৃপক্ষ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নানকে অপসারন করে একটি চিঠি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন স্কুল শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. সেলেমান, পিএসআই প্রান্ত ভঞ্জ, এএসআই মো. ইলিয়াছ, এএসআই মো. মহিউদ্দিনসহ থানার একটি চৌকস দল অংশ নেয়।
পুলিশ জানায়, রামগঞ্জ থানা দায়ের হওয়া হত্যা মামলায় ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল সুপার ও সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম (৪৮) এবং এজাহারভুক্ত সন্দিগ্ধ আসামি মো. সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহি (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) সন্ধার আগে উক্ত একাডেমির আবাসিক হলের একটি কক্ষ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মৃতের স্বজন ও স্থানীয় লোকজন মঙ্গলবার (১৬ জুন) গভীর রাত পর্যন্ত একাডেমির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় উত্তেজিত লোকজন একাডেমির মেইন গেইট, অভ্যর্থনা কক্ষসহ অধ্যক্ষের গাড়ি ভাঙচুর করে। প্রকৃত রহস্য উদঘাটনের দাবীতে রামগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (১৮জুন) শিক্ষার্থী মেহেদী হাসানের পিতা জিয়া উদ্দিন তার সন্তান মেহেদী হাসানকে হত্যা করা হয়েছে দাবী করে কলেজ অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নানকে ৪নং আসামী ও দ্বাদশ শ্রেণির ৭জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯/১০জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ উক্ত মামলায় ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল সুপার ও সহকারী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম (৪৮) এবং শিক্ষার্থী মোঃ সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহি (১৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









