নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্থানীয়রা রেললাইন সংলগ্ন স্থানে মরদেহটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে বাংলাদেশ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া বৃদ্ধের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি রেল দুর্ঘটনার শিকার হয়ে মারা যেতে পারেন। তবে কোন ট্রেনের ধাক্কায় বা ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত ব্যক্তির শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে ছিল সবুজ-খয়েরি রঙের চেক লুঙ্গি ও সুরমা রঙের শর্ট পাঞ্জাবি। মরদেহের পাশ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে কয়েকটি জামা-লুঙ্গি, কিছু খুচরা টাকা এবং একটি চাদর পাওয়া গেছে। নিহতের আনুমানিক বয়স প্রায় ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক ব্যক্তি রেললাইনের পাশে গিয়ে বৃদ্ধকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা পুলিশকে অবহিত করেন।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাটি তদন্ত করছেন এবং বিভিন্ন মাধ্যমে মরদেহের ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া এবং তদন্ত শেষ হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









