তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিদেশি ঋণ বা সহায়তার অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী।
মঙ্গলবার (২৩ জুন) রংপুরের পীরগাছা উপজেলার তিস্তা তীরবর্তী ছাওলা ইউনিয়নে আয়োজিত দিনব্যাপী কর্মশালা ও বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর চলমান চীন সফরকে ঘিরে তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশা বেড়েছে। তবে প্রকল্প বাস্তবায়ন নিয়ে মানুষের শঙ্কা ও ধোঁয়াশা এখনো কাটেনি।’’
তিনি বলেন, ‘‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিদেশি সহায়তার অপেক্ষায় না থেকে দেশের নিজস্ব সক্ষমতাকে কাজে লাগাতে হবে। চীনের কারিগরি সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে অর্থায়নের ক্ষেত্রে নিজস্ব উদ্যোগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’’
তিনি আরও বলেন, ‘‘তিস্তা মহাপরিকল্পনার অর্থায়নে ‘তিস্তা বন্ড’ চালু করা যেতে পারে। পাশাপাশি তিস্তা নদী থেকে উত্তোলিত বালু ও পাথর বিক্রির আয় প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা সম্ভব।’’
সভায় তিনি বলেন, ‘‘চীন, ভারত, রাশিয়াসহ কোনো উন্নয়ন সহযোগী দেশ বিনিয়োগে আগ্রহী হলে তা স্বল্প সুদে ও দীর্ঘমেয়াদি শর্তে হতে হবে।’’
সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, ‘‘তিস্তার ভাটিতে নতুন করে ব্যারাজ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিদ্যমান ডালিয়া তিস্তা ব্যারাজের পানি সংরক্ষণ সক্ষমতা বাড়ানো গেলে নতুন ব্যারাজের প্রয়োজন অনেকটাই কমে আসবে।’’
তিনি বলেন, ‘‘প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী তিস্তা নদী খনন এবং শাখা-উপনদীগুলোকে মূল নদীর সঙ্গে যুক্ত করা গেলে বর্ষাকালে এসব এলাকা প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করবে।’’
সভায় বক্তারা তিস্তা মহাপরিকল্পনার দ্রুত একনেক অনুমোদন, নির্দিষ্ট বাজেট বরাদ্দ এবং সময়সীমাভিত্তিক বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানান। একই সঙ্গে আগামী ১ জুলাই তিস্তা তীরবর্তী পাঁচ জেলায় ঘোষিত গণঅবস্থান ও মশাল প্রজ্বলন কর্মসূচি সফল করতে প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
ছাওলা ইউনিয়ন শাখার সংগঠক আব্দুস ছাত্তার মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বাবুল আক্তার, রফিকুল ইসলাম ও স্থানীয় নদী সংগঠক আব্দুস সালাম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সংগঠনের নেতাকর্মী ও তিস্তা তীরবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









