গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকার একটি পোশাক কারখানার কার্টুনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আগুন লাগার পর কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুল আলম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়।
বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্লান্ট বা আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা ও গুরুত্ব দিয়ে ফায়ার ফাইটাররা কাজ করছেন।”
তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ এবং এর ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে, বলেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









