কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে জেলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনাপাড় ও দূর্গাবাড়ী সড়ক প্রদক্ষিণ করে।
এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতারা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার মদদে বাংলাদেশে অপতৎপরতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু পলাতক হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না। একটি সুস্থ গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। এতে কোন অপশক্তির আস্ফালন সহ্য করা হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









