ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় জয়ন্ত সরকার (১৮) নামে এক যুবকের নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে গঙ্গা পূজা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি নিহত হন।
বুধবার (২৪ জুন) বিকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবক পৌরসভার ঝাউদিয়া গ্রামের বিনানন্দ সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলার বকশিপুর গ্রামে গঙ্গা পূজা দেখতে যাচ্ছিলেন জয়ন্ত। মোটরসাইকেলটি তিনিই চালাচ্ছিলেন। পথে রঘুনন্দনপুর গ্রামের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়াই গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আল মামুন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে পৌছানোর আগেই মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









