ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে কসবা থানাধীন কুটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালামুড়া এলাকায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পূর্ব পাশে তাওছিয়া স্টোরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ইবাদুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আজাহার আলী মোল্লার ছেলে।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১৮০ কেজি গাঁজা, একটি মিটসুবিশি আউটল্যান্ডার গাড়ি এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তায়রিফুল ইসলাম।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান বলেন, মাদক নির্মূলে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









