জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রদলের উদ্যোগে ৫৫তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টায় হলের কমনরুমে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও স্মারক হিসেবে চাবির রিং প্রদান করা হয়। পরে তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রদলের সভাপতি শেখ সাদী এবং সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ।
সভাপতির বক্তব্যে শেখ সাদী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণরুম, গেস্টরুমসহ বিভিন্ন অপসংস্কৃতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাজ করছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং মাদকমুক্ত, সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখার চেষ্টা করছে। নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জাতির কল্যাণে কাজ করে।”
প্রধান অতিথির বক্তব্যে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান বলেন, “হলে বড় ভাই ও ছোট ভাইয়ের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে গড়ে উঠতে হবে। সিনিয়রদের সম্মান প্রদর্শনের পাশাপাশি সিনিয়রদেরও নবীনদের প্রতি স্নেহশীল ও ইতিবাচক মনোভাব রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের মনে রাখতে হবে, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাজে লাগিয়ে নিজেদের, পরিবারের এবং দেশের কল্যাণে অবদান রাখতে হবে।”
এ সময় হলের ওয়ার্ডেন, জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু হাসান রাজন, আব্দুল গাফফার জিসান, সায়দার রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









