ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের একটি কাঁচা রাস্তা দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় হাজারো মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোকন ওসমানীর বাড়ির দরজা থেকে ৬ নম্বর ওয়ার্ডের হারুন সিকদারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ‘অলি মিয়া সড়ক’টি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসী।
স্থায়ীদের অভিযোগ, প্রায় দুই বছর আগে এই রাস্তায় সর্বশেষ মাটির কাজ করা হয়েছিল। এরপর আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে চরফ্যাশনকে বরিশাল বিভাগের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে দাবি করা হলেও, এই গুরুত্বপূর্ণ সড়কটিসহ আশপাশের আরও ৫-৭টি রাস্তা অবহেলিতই রয়ে গেছে। বিগত সরকারের আমলে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি।
সরেজমিনে দেখা গেছে, এই সড়কটি দিয়ে প্রতিদিন গ্রামের স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সব পেশার মানুষ যাতায়াত করেন। রাস্তাটির অববাহিকায় রয়েছে তিনটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা ও চারটি মসজিদ। এ ছাড়া পার্শ্ববর্তী উপজেলার বৃহত্তম গজারিয়া বাজারমুখী মানুষের যাতায়াতের প্রধান মাধ্যমও এটি।
বর্ষা ও বৃষ্টির মৌসুমে কাঁচা রাস্তাটিতে অসংখ্য খানাখন্দ ও হাঁটু সমান কাদার সৃষ্টি হয়। ফলে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের যাতায়াতে পোহাতে হয় চরম ভোগান্তি। রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে।
ঘাগড়াছড়ি ভিটার বাসিন্দা ও ব্যবসায়ী বেলায়েত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনগণ দীর্ঘদিন ধরে বঞ্চিত ও অবহেলিত। একটু বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ কাদা আর বড় বড় গর্তের কারণে রাস্তায় চলাফেরা করা যায় না। কোমলমতি শিশুদের স্কুলে যেতে খুবই কষ্ট হয়। স্কুল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও রাস্তাটি সংস্কার করাতে পারেনি।"
দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো সত্ত্বেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। অবহেলিত এই জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে অলি মিয়া সড়কটি দ্রুত পাকাকরণ বা সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









