গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পরিবারের সবার অগোচরে কীটনাশক (বিষ) পান করে মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনোয়ারা বেগম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মতিন মিয়ার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে সবার অজান্তে কীটনাশক পান করেন মনোয়ারা বেগম। কিছুক্ষণের মধ্যে তিনি তীব্র অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কীটনাশক পানে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে ঠিক কী কারণে ওই নারী কীটনাশক পান করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









