বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দিলীপ দেব নাথ।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়'র সভাপতিত্বে ও সোনালী ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখার সিনিয়র অফিসার ফাতেমাতুজ জহরার উপস্থাপনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের যুগ্ন পরিচালক (ক্যাশ) আবু সালেহ মোঃ আরিফ চৌধুরী ও সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক। সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের উপপরিচালক শুভাশীষ পাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখার ম্যানেজার শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার অলিউডর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উত্তরা ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখার ম্যানেজার ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাল নোট দেশের অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি। জাল মুদ্রা বাজারে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তেমনি দেশের ব্যাংকিং ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। তাই জাল নোট শনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।
বক্তারা আরো বলেন, টাকা লেনদেনের সময় প্রত্যেক নাগরিকের উচিত নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করা। বিশেষ করে ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, রঙ পরিবর্তনশীল কালি ও অন্যান্য নিরাপত্তা চিহ্ন ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে তা প্রচলন না করে দ্রুত নিকটস্থ ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। তারা আরও বলেন, জাল নোট তৈরি, বহন ও প্রচলন আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করলে জাল নোটের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসমূহকে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









