কুষ্টিয়ায় একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফরিদ হোসেন ওই ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কাবিল মোড় এলাকায় ফরিদ হোসেনের চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র পাওয়ার খবরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফরিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, আটক ফরিদ হোসেন এলাকায় কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তার কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর ও বিশেষ অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, "একটি রিভলবার ও ছয়টি গুলিসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









