লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু দারদা মো. জোবায়েরকে (১৮) গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানার পুলিশ।
বুধবার (২৪ জুন) দিবাগত রাতে পুলিশ একটি দল ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জোবায়েরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের মো. শাহাজাহানের ছেলে। এর আগে, গত ২২ জুন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম (৫২) ও অপর এক শিক্ষার্থী সাজিদুল ইসলাম (১৯) মাহিকে পুলিশ গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ১৫ জুন আইফোন চুরির অপবাদ দিয়ে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে একই একাডেমির দ্বাদশ শ্রেণির কতিপয় শিক্ষার্থী কলেজ হোস্টেলে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে মেহেদির বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে ১৮ জনের নামে একটি হত্যা মামলা করেন।
রামগঞ্জ থানা পুলিশ অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানান অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধূরী।
তিনি আরও জানান, রামগঞ্জ থানার একটি টিম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪-এর সহায়তায় ঢাকার কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রামগঞ্জ থানার মামলা নং-১৩/১০৪, তারিখ-১৮/০৬/২০২৬ ইং, ধারা-৩০২/৩৪/১০৯ দ. বি. মামলার এজাহারনামীয় ০৬ নং আসামি আবু দারদা মো. জোবায়েরকে (১৮) ২৫/০৬/২০২৬ইং তারিখ রাত অনুমান ০২.২০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া বিন্দু গলি বাসা নং-১৯/১ আলম ভিলা হতে গ্রেপ্তার করে।
পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









