ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আলিফ মাহমুদ (২২) নামে এক গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারি গ্রামের আলীরচর নামক বিল থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকাল বেলায় স্থানীয় এক কৃষক বেগুন খেতে বেগুন উঠাতে যাওয়ার সময় বিলের পাশে এক যুবকের মৃতদেহ দেখতে পায়। এরপর ঘটনাটি জানাজানি হলে পুলিশকে জানানো হয়।
থানা-পুলিশ আরো জানান, নিহত আলিফ মাহমুদের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা থানায় আসলে বিস্তারিত জানা যাবে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নিহত যুবক আলিফ মাহমুদ ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সড়ক এলাকার বাসিন্দা মো. গোলাম মোস্তফার ছেলে। তিনি গাজীপুর জেলায় বসবাস করে গার্মেন্টেস প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানিয়েছেন।
ওসি আরো জানান, নিহতের শরীরে একাধিকস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে ডেকে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে। পাশাপাশি নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









