লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত মা ও তিন মেয়ের নির্মম হত্যায় নিহতদের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টায় রায়পুর ধানহাটায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
জানাজায় উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লিটন, বিএনপি নেতা আলমাস, পৌর জামায়াতে ইসলামীর আমির হাফেজ ফজলুল করিম, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া রায়পুর বাজারের বিপুলসংখ্যক ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
নিহত পরিবারের একমাত্র জীবিত সদস্য জুনাইদ ইসলাম সিফাত কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার মা ও তিন বোনের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সবাই আমার মা ও তিন বোনের জন্য দোয়া করবেন।
জানাজায় উপস্থিত রাজনৈতিক নেতারা বলেন, রায়পুরের এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এদিকে, শুক্রবার বিকেল ৩টার দিকে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় শাহিনুর বেগম ও তার তিন মেয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে মা ও তিন মেয়ে নিহত হন। ঘটনার পর সন্দেহভাজন এক যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিলে সেও পরে মারা যায়। আলোচিত এ হত্যাকাণ্ডে পুরো রায়পুরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
জানাজায় শেষে নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলা হুমনা,পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









