বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘আগামী দিনে দেশে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ দেখা যাবে। বিনিয়োগ বাড়লে এখানেই উৎপাদন হবে, রপ্তানি বাড়বে এবং বাণিজ্য ঘাটতিও কমবে।’’
শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ‘‘আগামী দিনে দেশে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ দেখা যাবে। বিনিয়োগ বাড়লে এখানেই উৎপাদন হবে, রপ্তানি বাড়বে এবং বাণিজ্য ঘাটতিও কমবে। চীন ইতোমধ্যে আমাদের সব পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে। আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায় যেটি আমরা অনুসরণ করছি। তা হচ্ছে, বাংলাদেশে বেশি বেশি চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা।’’
প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীসহ দেশটির শীর্ষ নেতৃবৃন্দ ও বড় বড় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকের ইতিবাচক ফল হিসেবে আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’’
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘বাংলাদেশ যদি চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি সৃষ্টি হবে।’’
তিনি জানান, চট্টগ্রামে ৮০০ একরজুড়ে একটি চীনা শিল্প পার্ক গঠনের বিষয়ে সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। এ শিল্প পার্ক চালু হলে চীনা বিনিয়োগ আরও বাড়বে এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে, আইনজীবীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘‘একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার- সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন।’’
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরীর (সুহেল) সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবেরের পরিচালনায় এতে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









