পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা বুলু খাতুন (৫৭), তিনি অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন ছিলেন। অন্যজন অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। তিনি পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ী এলাকার জামাল শেখের ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক তরুণীর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে ফিরছিল। পথে সড়াডাঙ্গী এলাকায় বিপরীত দিক থেকে আসা ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ ও মরদেহের স্বজন বুলু খাতুন নিহত হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহত দুইজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









