বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত ভোররাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ‘দৈনিক প্রাণের বাংলাদেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং ‘সংবাদ দিগন্ত’ পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। শাকিবুল উত্তরা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং রাজু আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এর আগে বুধবার রাত ৯টার দিকে জসীম উদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে বাসায় ফিরছিলেন তারা। পথে জসীম উদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি বাস। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বলছেন, ওই দুজনকে চাপা দেওয়া বাসটিকে শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।
ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু: এদিকে বুধবার রাত ৯টার দিকে একই এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক নামে এক অটোবাইক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতের ভাতিজা পরশ জানান, ব্যবসার কাজ শেষে আনোয়ারুল হক (৫৫) গাজীপুরের কোনাবাড়ীতে বাসায় ফিরছিলেন। জসীম উদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আনোয়ারুলের শারীরিক অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রাত ৩টার দিকে আনোয়ারুলকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আনোয়ারুল হকের গ্রামের বাড়ি পাবনার সুজানগর থানার ঘোড়াদহ গ্রামে। বাবার নাম আতাহার আলী মন্ডল। আনোয়ারুল গাজীপুরে কোনাবাড়িতে পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









