সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাতে চুরির অভিযোগে আটক এক ব্যক্তি এক হাত বাঁধা অবস্থায় নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়েছেন।
শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের সামনে বরইয়া নদীতে এ ঘটনা ঘটে।
পলাতক ব্যক্তির নাম রনি দাস (৩০)। তিনি উপজেলার সানবাড়ী গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে গরু, স্বর্ণালংকার ও মুঠোফোন চুরির সঙ্গে জড়িত এবং মাদকাসক্ত।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য শুক্কুর আলী জানান, গত বৃহস্পতিবার রাতে পাশের একটি গ্রাম থেকে স্মার্টফোন চুরির পর সেটি বিক্রির চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে শুক্রবার বেলা তিনটার দিকে তাঁকে বাড়ি থেকে আটক করে স্থানীয় একাধিক বাসিন্দা।
আটকের পর স্থানীয় লোকজন সন্ধ্যায় এক হাতে রশি বাঁধা অবস্থায় ইঞ্জিনচালিত নৌকায় করে তাকে ধর্মপাশা থানায় নেওয়ার পথে রাত আটটার দিকে শেখেরগাঁও গ্রামের সামনে বরইয়া নদীতে পৌঁছালে রনি নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে পালিয়ে যান।
এ ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ উল্ল্যা বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









