সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় সাড়ম্বরে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
রবিবার (২৮ জুন) সকালে নগরীর বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রে এক শিশুকে ক্যাপসুল খাইয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনকালে (সিসিক) প্রশাসক একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এই ক্যাম্পেইন সফল করার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুর সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এই কর্মসূচির আওতা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং রাতকানা রোগ প্রতিরোধে দেশে নিয়মিত বছরে দুইবার এই ক্যাম্পেইন পরিচালিত হয়। সিসিকের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, রবিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (সিসিক) এলাকার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী এক সপ্তাহ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তা গ্রহণ করতে পারবে।
সিসিকের স্বাস্থ্য শাখা জানায়, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় এ বছর মোট ৭৬ হাজার ৩৯০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সিসিকের ৪২টি ওয়ার্ডে ৮৪ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে মোট ৩৬৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কার্যক্রমে মোট ৭৩৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন
লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১১৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৮ হাজার ২৭৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৭৬ হাজার ৩৩০ জন সাধারণ শিশু এবং ৬০ জন প্রতিবন্ধী শিশু রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









