খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের খাল খনন প্রকল্পে অনিয়মের কারণে বহিষ্কার হলেন, ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আবদুল বারেক।
রবিবার (২৮ জুন) গুইমারা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পিন্টু ডালী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত এবং দলীয় নেতাকর্মীদের সাথে শিষ্টাচারবহির্ভূত আচরণ সুনির্দিষ্ট অভিযোগে হাফছড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জনাব আব্দুল বারেক'কে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মোঃ আব্দুল বারেক এর কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। হাফছড়ি ইউনিয়ন বিএনপি'র সকল পর্যায়ে নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো।
এ বিষয়ে বহিস্কৃত হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আবদুল বারেক বলেন, আমার উপর অন্যায় করা হয়েছে। খাল খনন প্রকল্পের শ্রমিকের কাছ থেকে টাকা আদায় করেছে ১০জন মাঝি। টাকা আদায় করার জন্য বলেছিল ৬ নং ওয়ার্ড বড়পিলাকের ইউপি সদস্য সানাউল্লাহ। ১০ জন মাঝি শ্রমিকদের কাছ থেকে ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করেছিলো। উত্তোলনকৃত টাকা শ্রমিকদের ফেরত দেয়া হয়েছে। কিন্তু বহিষ্কার করা হলো আমাকে। আমার উপর জুলুম করা হয়েছে।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, মো: আবদুল বারেককে স্থায়ী ভাবে সাধারণ সম্পাদক পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাকি সবাইকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন কর্মকান্ডে যুক্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









