নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় পৌরসভা হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা। অপরদিকে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৩ কোটি ১১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা। ফলে প্রস্তাবিত বাজেটে ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম, পৌরসচিব হাসান আলী, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পৌর নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ওমর আলী শেখ, বিএনপি নেতা মাহমুদুজ্জামান সোহাগ, ব্যাবসায়ী ইশতিয়াক শান্ত রকি, জামায়াত নেতা আব্দুল খালেক মোল্লা এবং আব্দুল আলিম। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা শেষে উন্মুক্ত আলোচনায় পৌর প্রশাসক ও পজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার অবকাঠামো উন্নয়নসহ আলোচনায় উঠে আসা নন্দকুজা নদীর তীর ঘেঁষে অত্যাধুনিক প্রযুক্তিতে দৃষ্টি নন্দন রাস্তা নির্মান করে চাচঁকৈড় ব্রীজ থেকে গুরুদাসপুর ব্রীজ পর্যন্ত বিনোদনের জন্য পার্ক তৈরীর পরিকল্পনা রয়েছে। এবং পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ ও আলোকায়নসহ পৌরবাসীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









